প্রিন্ট এর তারিখঃ Oct 17, 2026 || প্রকাশের তারিখঃ Apr 8, 2026
সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন, ৮ দফা দাবি পেশ
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জামায়াতে ইসলামী মহিলা বিভাগের উদ্যোগে কর্মী সাওদা সুমীর গ্রেপ্তারের প্রতিবাদ এবং তার বিরুদ্ধে দায়েরকৃত সকল মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
গত ৫ এপ্রিল ২০২৬ রাতে ভোলা সদর মডেল থানার আওতায় সাওদা সুমীকে গ্রেপ্তারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বুধবার (৮ এপ্রিল ২০২৬) এই মানববন্ধনের আয়োজন করা হয়। এতে মহিলা বিভাগের সেক্রেটারি নূরুন্নিসা সিদ্দীকা, কেন্দ্রীয় ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ শতাধিক কর্মী অংশ নেন।
মানববন্ধনে বক্তারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। নূরুন্নিসা সিদ্দীকা বলেন, সরকার সংবিধানের কথা বললেও বাস্তবে দ্বিমুখী নীতি অনুসরণ করছে, যা ভবিষ্যতে নেতিবাচক প্রভাব ফেলবে।
সহকারী সেক্রেটারি সাঈদা রুম্মান বলেন, সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে জনগণ শান্তি ও স্বস্তি প্রত্যাশা করলেও সরকার তা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছে।
এসময় কেন্দ্রীয় রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারি ডা. হাবীবা চৌধুরী সুইট বলেন, সাওদা সুমীকে মুক্তি দেওয়ায় সরকারকে ধন্যবাদ জানানো হলেও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি সাবিকুন্নাহার মুন্নী অভিযোগ করেন, সরকারের সাম্প্রতিক কর্মকাণ্ডে নতুন করে স্বৈরাচারের লক্ষণ দেখা যাচ্ছে।
প্রচার বিভাগীয় সেক্রেটারি নাজমুন নাহার নীলু নাগরিক স্বাধীনতায় হস্তক্ষেপ না করার আহ্বান জানান এবং নারীর মর্যাদা রক্ষার ওপর গুরুত্বারোপ করেন।
ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি আয়শা পারভীন সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী বিদ্বেষমূলক প্রচারণা বন্ধের দাবি জানান। এছাড়া বক্তব্য রাখেন ফাতিমা আক্তার হ্যাপীসহ আরও অনেকে।
নাজমুন নাহারের সঞ্চালনায় মানববন্ধন থেকে সাওদা সুমীর গ্রেপ্তার ও মামলা প্রত্যাহার সংক্রান্ত ৮ দফা দাবি তুলে ধরা হয়।
৮ দফা দাবিগুলো হলো:
১. সাওদা সুমীর বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার এবং গ্রেপ্তারের নির্দেশদাতাকে গ্রেপ্তার করতে হবে।
২. ওয়ারেন্ট ছাড়া মধ্যরাতে কাউকে গ্রেপ্তারের প্রথা বন্ধ করতে হবে।
৩. গ্রেপ্তারকৃত ব্যক্তিকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যকারীদের বিরুদ্ধে সাইবার আইনে ব্যবস্থা নিতে হবে।
৪. তেল ও গ্যাস সংকট নিরসনে সব দলের সঙ্গে আলোচনা করে কার্যকর উদ্যোগ নিতে হবে।
৫. রাজনৈতিক সহিংসতা ও মিথ্যা মামলার বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে।
৬. গণভোটের আলোকে সংবিধান সংস্কার করে জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।
৭. বিচার বিভাগের স্বাধীনতা ও গুমসংক্রান্ত আইন পুনর্বহাল করতে হবে।
৮. অটিস্টিক শিশুর মাকে গ্রেপ্তারের ঘটনায় দায়ীদের শাস্তি এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি বন্ধ করতে হবে।
মানববন্ধনে বক্তারা অবিলম্বে এসব দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।